নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামীণ ব্যাংক শাখায় বুধবার ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাংকের দুটি মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্যাংক শাখার নৈশপ্রহরী আইনুদ্দীন জানান, তিনি নামাজ পড়ার সময় একটি বিস্ফোরণের মতো শব্দ শুনতে পান এবং পরে অফিসে আগুন জ্বলতে দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
শাখাটির প্রবাহ অফিসার রঞ্জন কুমার কুন্ড বলেন, নৈশপ্রহরী মুঠোফোনে অগ্নিকাণ্ডের খবর দিলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। ঘটনাস্থল থেকে পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংক শাখাটি পরিদর্শন করেন। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, 'আগুনের ঘটনাটি তদন্তাধীন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এটি নাশকতা কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।'