ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈষামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া এলাকার অনুপ কুমার দাস (৫৬) ও আনোয়ারুল আজিম (৫৫)। স্থানীয় সূত্রে জানা যায়, তারা নরসিংদী থেকে মোটরসাইকেলে শ্রীমঙ্গল অভিমুখে যাচ্ছিলেন।
এসময় বৈষামোড়া এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকার সময় একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে, সেখানে তাদের মৃত্যু হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।