নোয়াখালী সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের মা কমলা বেগমের অভিযোগে গতকাল মঙ্গলবার রাতে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
ঘটনাটি ঘটে গত সোমবার নোয়াখালী শহরের সোনাপুর পেট্রলপাম্প সংলগ্ন এলাকায়। নিহত মো. কবির নোয়ান্নাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রয়াত মো. হানিফের ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. হোসেন (৩৪), মো. ফারুক উদ্দিন শুভ (২৪), আলাউদ্দিন মুন্সি (২৮) এবং মো. তারেক (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সোনাপুর পেট্রলপাম্প-সংলগ্ন হাসিব ওয়ার্কশপ থেকে ১ লাখ ৮০ হাজার টাকার একটি ব্যাগ চুরি হয়। ওয়ার্কশপের মালিক মো. হোসেন সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে প্রকাশ করে অভিযুক্তদের শনাক্ত করতে সহায়তা চান।
মঙ্গলবার বিকেলে ইসলামগঞ্জ বাজারের এক ব্যক্তি মো. হোসেনকে ফোন করে কবিরের আটকের খবর দেন। খবর পেয়ে হোসেন তার লোকজন নিয়ে সেখানে যান এবং কবিরকে মারধর করেন। এতে কবির গুরুতর আহত হন।
কবিরের মা জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে ছেলেকে বাঁচাতে চেষ্টা করলেও হামলাকারীরা তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কবিরকে আহত অবস্থায় একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে এবং টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিহতের স্বজন ও এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, কবির একজন প্রতিবন্ধী ছিলেন এবং তাঁকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।