বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নোয়াখালীতে মাদ্রাসাছাত্রী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে মাদ্রাসাছাত্রী নুহা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালীতে মাদ্রাসাছাত্রী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহা (৭) হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক-অভিভাবক, নিহতের স্বজন ও এলাকাবাসী একত্রিত হন।

বিক্ষোভের সময় বক্তারা বলেন, হত্যার ৯ দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় জড়িতদের কাউকে আইনের আওতায় আনা হয়নি। বক্তাদের অভিযোগ, পুলিশ অপমৃত্যুর মামলা নিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে, তবে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নুহাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

মানববন্ধনে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তাদের মধ্যে ছিলেন নিহত নুহার বাবা ইকবাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, ও স্থানীয় জামায়ত নেতা মাওলানা আব্দুর রহীম।

জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, গত সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়েছে। প্রতিবেদনে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং হত্যাকারীকে শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নিহত তাইবা ইলহাম নুহা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দক্ষিণ নয়নপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। সে সদর উপজেলার মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল। গত ৯ নভেম্বর ভাইয়ের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার পর মাদ্রাসা ছুটির পর নুহা বাড়ি ফিরে যায়নি। খোঁজাখুজির এক পর্যায়ে তার মরদেহ নির্মাণাধীন বিল্ডিংয়ের পাশ থেকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন