বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ নাট্যোৎসবে হুমায়ূন আহমেদের ‘নৃপতি’ মঞ্চস্থ হচ্ছে আজ

আজ বাংলাদেশ নাট্যোৎসবে হুমায়ূন আহমেদের ‘নৃপতি’ নাটক মঞ্চস্থ হবে।

বাংলাদেশ নাট্যোৎসবে হুমায়ূন আহমেদের ‘নৃপতি’ মঞ্চস্থ হচ্ছে আজ

বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তি উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশ নাট্যোৎসব’-এ প্রদর্শিত হতে যাচ্ছে নান্দনিক নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রযোজনা ‘নৃপতি’।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত প্রথম মঞ্চনাটক ‘নৃপতি’র নির্দেশনায় রয়েছেন বদরুদ্দোজা। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নাটকটি দুর্নীতি, গণতন্ত্র ও সুশাসনের বিপরীতে দুঃশাসনের চিত্র তুলে ধরে। হুমায়ূন আহমেদ রচিত ‘নৃপতি’ নাটকে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও শাসকের খামখেয়ালিপনার বিষয়বস্তু রয়েছে।

নৃপতি প্রজাদের চাহিদা ও প্রত্যাশার বিপরীতে নিজের স্বেচ্ছাচারী মনোভাব বজায় রাখতে চায়। তীব্র শীতে দুঃখী মানুষের কষ্টকে বসন্তকালীন মেকি আনন্দ দিয়ে ঢেকে দেওয়ার ব্যর্থ চেষ্টা করে সে। অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহকারীকে অর্থের প্রলোভনে মেরুদণ্ডহীন করে দেওয়ার অপচেষ্টাও চালায়।

নাটকটির নির্দেশক বদরুদ্দোজা বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় সাময়িকভাবে টিকে থাকা যায়, কিন্তু বিপ্লবী জনতা ক্ষমতার মসনদকে দীর্ঘস্থায়ী হতে দেয় না। নিজেদের প্রাপ্য অধিকার তারা ছিনিয়ে নেয়।’

নাটকটিতে অভিনয় করেছেন আ. মা. ম. হাসানুজ্জামান, নীলুফার ওয়াহিদ পাপড়ি, মোহাম্মদ শাহ আলম, সোহেল রানা বয়াতি, মাহিন রহমান, অভিক মজুমদার, সৈয়দ প্রিন্স হাসান রনি, আরিফ রানা, ওবায়দুল হক মারুফ, দীপ্তি পোদ্দার, রাসেল হোসেন, সাইফ শাহিন, আশরাফুল আলম, ফয়েজ নাসির, মৌসুমি বেগম ঢাকাইয়া, এস এম সাগরসহ আরও অনেকে।

বিজ্ঞাপন