বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি সঞ্চয় করতে শুরু করেছে এবং এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ এটি উপকূলে আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড় 'আকভান' বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৮০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২২০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে ছিল।
আবহাওয়া অধিদফতর জানায়, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কি.মি. এর মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কি.মি. এবং দমকা হাওয়ার গতিবেগ ১১৭ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্য একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অঞ্চলের নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।