বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’ একই এলাকায় স্থির রয়েছে।
এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে শক্তিশালী হয়ে আগামী ২০ নভেম্বর সন্ধ্যা নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা হাওয়ার কারণে এই গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নৌকা যেন নিরাপদে চলাচল করে।