বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
আজ সকালে নিম্নচাপটির অবস্থান ছিল ১০.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এটি ১ হাজার ৩৮৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৩২০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার এবং পায়রা থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
সেজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।