সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

হিলিতে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু

হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে।

হিলিতে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু

স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি হিলি স্টেশনে পৌঁছানোর মধ্য দিয়ে এই যাত্রার সূচনা হয়।

একই দিন বেলা ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটিরও হিলি স্টেশনে যাত্রাবিরতি দেয়। প্রথম দিন ট্রেনটি হিলি স্টেশনে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা চালক ও যাত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় এবং উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা। প্রথম যাত্রার যাত্রীরা জানান, নিজ এলাকার স্টেশন থেকে সরাসরি ঢাকায় যাওয়ার এই সুযোগ তাদের কাছে অত্যন্ত স্মরণীয় ও আনন্দের।

রেলওয়ে সূত্রে জানা যায়, ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত হিলি রেলওয়ে স্টেশনটি ব্রিটিশ আমলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তবে স্বাধীনতার পর থেকে এখানে ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ছিল না।

এতে করে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহারকারী যাত্রীদের বিরামপুর কিংবা জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে যেতে হতো, যা তাদের জন্য বাড়তি সময় ও অর্থ ব্যয়ের কারণ ছিল।

হিলিবাসী দীর্ঘদিন ধরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। হিলি স্থলবন্দর আমদানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, এই যাত্রাবিরতির ফলে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের প্রচেষ্টায় হিলিবাসীর দীর্ঘদিনের এই দাবি পূরণ হয়েছে। হিলি রেলওয়ে স্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী জানান, যাত্রীদের দাবি এবং সম্ভাব্য রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ গত ২৮ অক্টোবর চিলাহাটি এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেয়।

বর্তমানে হিলি স্টেশনের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) আসনসহ মোট ৩০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথম দিন থেকেই যাত্রীদের আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন