জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে সোমবার বিকেলে ঢাকা থেকে জামালপুরগামী আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ভুলবশত পরিত্যক্ত লাইনে ঢুকে পড়ে। তবে চালকের তাৎক্ষণিক সিদ্ধান্তে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেল ৩টার দিকে ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। এটি দুই নম্বর লাইনে প্রবেশ করার কথা থাকলেও ভুলবশত তিন নম্বর লাইনে চলে যায়। স্টেশনের মাঝামাঝি গিয়ে লাইনের শেষ প্রান্তে ক্রস পিলার দেখতে পেয়ে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এরপর, ট্রেনটি পেছনে সরিয়ে পয়েন্ট পরিবর্তন করে দুই নম্বর লাইনে নিয়ে যাওয়া হয়। এই প্রক্রিয়ায় প্রায় আধঘণ্টা সময় লাগে। বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে।
স্থানীয় ব্যবসায়ী বকুল মিয়া জানান, ট্রেনটি দুই নম্বর লাইনে প্রবেশের কথা ছিল, কিন্তু তিন নম্বর লাইনে চলে যায়। তবে চালকের দ্রুত সিদ্ধান্তের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
জানা গেছে, তিন নম্বর লাইনের অর্ধেক অংশ পাথর নামানোর জন্য সচল রাখা হয়েছে এবং পয়েন্ট ম্যানুয়ালি পরিবর্তন করতে হয়। পয়েন্টসম্যান মুজিবুর রহমান বলেন, পাথরবাহী ট্রেন আসার কারণে বারবার পয়েন্ট পরিবর্তন করতে হয়, যার ফলে এই ভুলটি হয়েছে।
নরুন্দি রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন সালাফী জানান, ম্যানুয়ালি পয়েন্ট পরিবর্তনের কথা থাকলেও তা করা হয়নি। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। অফিসকক্ষে ঝিমিয়ে পড়ার অভিযোগ অস্বীকার করলেও পরিত্যক্ত লাইনে ট্রেন প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন স্টেশন মাস্টার ও সংশ্লিষ্ট কর্মচারীরা।