কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ২২তম সম্মেলন ও কারিগরি কর্মশালা। আগামী ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত লং বিচ হোটেলে চার দিনব্যাপী এ আয়োজন হবে। নিবন্ধনের শেষ সময় ৮ নভেম্বর নির্ধারিত হয়েছে।
আয়োজকদের ঘোষণা অনুযায়ী, ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণকারীরা নেটওয়ার্ক পরিচালনা, ইন্টারনেট প্রযুক্তি ও সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি জ্ঞান অর্জন করবেন। ১৪ নভেম্বর হবে মূল সম্মেলন।
এবারের আয়োজনে সহ-আয়োজক হিসেবে রয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সহযোগিতায় আছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)।
সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) মহাপরিচালক জিয়া রং লো। এছাড়া আইএসপিএবি ও বিডিনগের নেতারা এবং দেশ-বিদেশের প্রযুক্তি বিশেষজ্ঞ ও প্রশিক্ষকেরা অংশ নেবেন।
আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁঞা জানান, সংগঠনটি প্রতিবছর প্রকৌশলীদের চারটি প্রশিক্ষণ দিয়ে থাকে। তবে প্রশিক্ষণের সংখ্যা বাড়াতে আরও প্রশিক্ষণকেন্দ্র প্রয়োজন। পর্যাপ্ত প্রশিক্ষণকেন্দ্র থাকলে প্রতি মাসেই প্রকৌশলীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হতো।
আয়োজকদের ভাষ্য, সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন, যা দেশের ইন্টারনেট খাতের প্রকৌশলী, অপারেটর ও প্রযুক্তি পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে সহায়তা করবে। আগ্রহীরা rego.bdnog.org এ নিবন্ধন করতে পারবেন।