রাজধানী ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ফুটপাত অবৈধভাবে দখল উচ্ছেদের সময় তিনি এ নির্দেশনা দেন। প্রশাসক বলেন, 'আবারও কেউ ফুটপাত পুনঃদখল করেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।'
তিনি জানান, ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি করপোরেশন নিয়মিত নজরদারি করবে। আব্দুস সালাম বলেন, ককটেল বিস্ফোরণ কিংবা সহিংসতা সৃষ্টি করে এখন আর জনসমর্থন আদায় করা সম্ভব নয়।
জনগণের আস্থা অর্জন করতে হলে মানুষের কল্যাণে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রশাসক আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন জনকল্যাণমূলক কিংবা পরিচ্ছন্নতাবিষয়ক কর্মসূচি গ্রহণ করলে সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সম্মিলিত সহযোগিতাও কামনা করেন ডিএসসিসি প্রশাসক।