প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "সবার কথা বাদ দেন, নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি।"
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয়ে নগর ভবন পরিদর্শনকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে নগরীকে পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, "কেউই চান না তার সন্তান নোংরা, জীবাণুযুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠুক।" তিনি আরও উল্লেখ করেন যে, সন্তানেরা শুধু নিজের বাসার আশপাশে থাকে না; তারা স্কুল, কলেজ, খেলার মাঠসহ নগরীর বিভিন্ন স্থানে যাতায়াত করে। তাই পুরো শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের অন্যতম বড় সমস্যা হলো আবর্জনা এবং অপরিচ্ছন্নতা। তিনি জানান, এই সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়, তবে সবাই আন্তরিকভাবে চেষ্টা করলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি করা সম্ভব।
সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ সমস্যার সমাধানের সঙ্গে যুক্ত। তিনি আত্মবিশ্বাস ও সদিচ্ছার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, "আপনারা যদি সমস্যাগুলো দেখেন এবং সমাধানে পদক্ষেপ নেন, তাহলে পরিবর্তন সম্ভব।"
প্রধানমন্ত্রী নগরীর বিভিন্ন সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা সম্পর্কে নিয়মিত খোঁজখবর নেওয়ার কথাও জানান। তিনি বলেন, "কিছু জায়গায় সড়ক বিভাজক নতুন করে তৈরি হচ্ছে এবং বর্জ্য স্থানান্তর কেন্দ্রের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।"
তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, "আপনি আমার সমালোচনা করতেই পারেন। কিন্তু নিজের ভেতরেও নিজের সমালোচনা করতে হবে। ভাবতে হবে, আমি আমার দায়িত্ব কতটুকু সঠিকভাবে পালন করছি।"