বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সেখানকার সাজসজ্জা দেখে মুগ্ধ হন।
এ সময় রাষ্ট্রদূত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্চনা একাডেমি আয়োজিত শিশু-কিশোরদের নৃত্য পরিবেশনা উপভোগ করেন।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, 'আমি এমন একটি স্থানে আসতে চেয়েছিলাম, যেখানে আগে কোনো রাষ্ট্রদূত আসেননি। এখানকার চমৎকার সাজসজ্জা এবং আপনাদের অসাধারণ আতিথেয়তায় আমি ভীষণ মুগ্ধ। আমাকে আপনাদের পূজা উদ্যাপনের অংশ করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।'
এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, এবং আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রদূত নারায়ণগঞ্জ নগরীর সনাতনলেন সড়কে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী বোস কেবিনে গিয়ে চা পান করেন। এছাড়া সকালে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী পুরাকীর্তি পানাম নগরী ও সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঘুরে দেখেন।