রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের শিল্পাঞ্চলে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে।

শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে মোট ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ রোববার বিজিবি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। এদিকে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।

এই কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞাপন