রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে সব উদ্যোগ নেবেন কায়েস আহমেদ

রোলার স্কেটিংকে অলিম্পিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কায়েস আহমেদ সেলিম।

রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে সব উদ্যোগ নেবেন কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম রোলার স্কেটিংকে অলিম্পিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক মানের ট্র্যাক, উন্নত সরঞ্জাম, প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার অভাবসহ বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) ফেডারেশনের নবগঠিত ২৯ সদস্যের অ্যাডহক কমিটির প্রথম সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন কায়েস আহমেদ সেলিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ মিলন। সভায় ফেডারেশনের বর্তমান অবস্থা, খেলাটির সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সদস্যরা জানান, দেশে আন্তর্জাতিক মানের স্কেটিং ট্র্যাকের অভাবে খেলোয়াড়দের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এ সংকট কাটাতে দ্রুত একটি আন্তর্জাতিক মানের ট্র্যাক নির্মাণে সরকারের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দেন তাঁরা।

এছাড়া, উন্নতমানের স্কেটিং বুট, চাকা ও বিয়ারিংসহ প্রয়োজনীয় সরঞ্জামের অভাবকে বড় প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করা হয়। সদস্যরা এসব সরঞ্জাম সহজলভ্য করার পাশাপাশি সরকারি-বেসরকারি সহযোগিতা নিশ্চিত করার প্রস্তাব দেন।

সভায় খেলোয়াড়দের আবাসন ও খাবারের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিও আলোচনা হয়। ফেডারেশনের সহ-সভাপতি মাজহারুল ইসলাম বলেন, প্রতিভাবান খেলোয়াড় তৈরি ও ধরে রাখতে অনুশীলনের পাশাপাশি তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সভায় সাবেক স্কেটার ও কমিটির সদস্যরা রাজধানীর শাহবাগের জিয়া শিশু পার্কে স্কেটিংয়ের সুযোগ ফিরিয়ে আনার দাবি জানান। কায়েস আহমেদ সেলিম বিষয়টি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সভা শেষে ফেডারেশন কার্যালয়ের নিচে অনুশীলনরত শিশু স্কেটারদের সঙ্গে সময় কাটান সভাপতি ও সাধারণ সম্পাদক। তাঁরা শিশুদের খেলার খোঁজখবর নেন এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন। নতুন নেতৃত্বের কাছ থেকে এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন খেলোয়াড় ও অভিভাবকেরা।

গত ৯ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সরকারি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ২৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হন কায়েস আহমেদ সেলিম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মাসুদ আহমেদ মিলন।

বিজ্ঞাপন