রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি পরিবারকে ফিরিয়ে দেওয়ার দাবি ৩৪ নাগরিকের

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি ফেরত দেওয়ার দাবি জানালেন ৩৪ নাগরিক।

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি পরিবারকে ফিরিয়ে দেওয়ার দাবি ৩৪ নাগরিকের

ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার বাড়ি ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন ৩৪ জন বিশিষ্ট নাগরিক। শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই দাবি জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িতে ‘স্মৃতি জাদুঘর’ লেখা সাইনবোর্ড লাগিয়ে একটি মহল জবরদখলের চেষ্টা করছে। এই খবর প্রকাশ হওয়ার পর নাগরিকদের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ধীরেন্দ্রনাথ দত্তের রাজনৈতিক ও ঐতিহাসিক অবদান তুলে ধরে বলা হয়, ১৯৪৮ সালে তিনি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রথম উত্থাপন করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়, পরে নির্যাতনের পর হত্যা করে।

বিবৃতিতে আরও বলা হয়, ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের পর তিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

নাগরিকেরা অভিযোগ করেন, স্বাধীনতার এত বছর পরও ধীরেন্দ্রনাথ দত্তকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়নি। তারা বাড়িতে জবরদখলকারীদের সাইনবোর্ড সরিয়ে তা পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এছাড়া, ধীরেন্দ্রনাথ দত্তের নামে একটি জাতীয় প্রতিষ্ঠানের নামকরণ এবং জাতীয় সংসদের কাছাকাছি কোনো সড়কের নাম তার নামে করার দাবিও জানানো হয়। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, লেখক ও সাংবাদিক আবু সাঈদ খান এবং আরও অনেক বিশিষ্ট নাগরিক।

বিজ্ঞাপন