রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

গাজীপুরে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে আজও বিক্ষোভ দেখা দিয়েছে। শ্রমিকরা সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধ সৃষ্টি করে। এ কারণে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মৌচাক এলাকার ৫টি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে, ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।

বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা করেন। আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা সরে গেলে সকাল ৯টার দিকে যান চলাচল শুরু হয়।

এ পরিস্থিতিতে মৌচাক ও আশেপাশের কিছু কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে সকাল ৮টা থেকে বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, রোববার গাজীপুরে বিভিন্ন কারণে ৬টি কারখানা বন্ধ রয়েছে। অন্যান্য কারখানায় সকাল ৮টা থেকে উৎপাদন চলছে।

অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থায় রয়েছেন। পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি এবং ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। বিচ্ছিন্ন সড়ক অবরোধ ছাড়া ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন