গাজীপুরে শিল্প কারখানায় কর্মরতদের বেতন মজুরি নূন্যতম ৩০ হাজার টাকা করার দাবিতে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাকশ্রমিকরা।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুত এলাকায় শ্রমিকরা অবরোধ শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় হাজারও শ্রমিক মহাসড়কে অবস্থান নেয়, যা যান চলাচল বন্ধ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ শুরু করেছে।
জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া জানান, শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবির প্রেক্ষিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, ২১ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শক্ত অবস্থান নিয়েছেন।