বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। রোববার (১ নভেম্বর) সকাল থেকেই পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের।
পুলিশ সূত্র জানায়, ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় শ্রমিকরা সড়কে বিক্ষোভ শুরু করেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ছোড়ে।
বিক্ষোভের সময় কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন দেওয়া হয়, যা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। কালিয়াকৈরের চন্দ্রা, সফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায়ও শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রী ও চলাচলকারীরা চরম ভোগান্তিতে পড়েন।
এদিকে, আশপাশের অনেক কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। আশুলিয়ার নরসিংহপুরেও শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এবং সেখানে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক, নাওজোড় ও ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।