সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা ও মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। আবহাওয়া পরিস্থিতির কারণে কয়েকটি অঞ্চলে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, পূর্বাঞ্চলীয় প্রদেশের কিছু এলাকায় ঘন কুয়াশার জন্য দুটি রেড অ্যালার্ট এবং অন্যান্য এলাকায় অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া উত্তর সীমান্ত অঞ্চল, হাইল, মক্কা, আসির, আল-বাহা ও জাজানের বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
রোববারের আবহাওয়ার পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, জাজান, আসির, আল-বাহা, মক্কা, মদিনা, হাইল ও উত্তর সীমান্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এসব বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে।
এছাড়া, কিছু অঞ্চলে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে রিয়াদ ও আল-কাসিমসহ ঝুঁকিপূর্ণ এলাকায় ধুলা ও বালুজড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, দাম্মামে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। মক্কায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি, রিয়াদ, জেদ্দা ও বুরাইদাহতে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
অন্যান্য শহরের পূর্বাভাস অনুযায়ী, মদিনা ও জাজানে ৩৫, হাইল ৩১, নাজরান ৩০, সাকাকা ২৯, তাবুক ২৮, আরার ২৭, আবহা ২৫ এবং আল-বাহা ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।
এছাড়া, আবহাওয়ার আর্দ্রতা ৯৫ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে বলে এনসিএম জানিয়েছে। দাম্মাম, আল-বাহা ও আরারে আর্দ্রতা ৯০ শতাংশ হতে পারে।
ঘন কুয়াশা, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ও ধুলাবালির কারণে সংশ্লিষ্ট অঞ্চলে স্বাভাবিক জনজীবন ও সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে এমন এলাকায় সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে।