সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে সাতক্ষীরা উপকূলে টানা আন্দোলন শুরু করেছেন বনজীবীরা। রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা সদরে তারা বিক্ষোভ করেছেন।
মানববন্ধনে বক্তারা জানান, সুন্দরবন উপকূলীয় মানুষের জীবন-জীবিকার প্রধান মাধ্যম। মাছ, কাঁকড়া আহরণ এবং বনজ সম্পদ সংগ্রহ করে হাজারো পরিবার জীবিকা নির্বাহ করে। তবে বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ এবং মুক্তিপণ আদায়ে বনজীবীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।
বক্তারা বলেন, বনদস্যুদের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জীবিকার তাগিদে বনে গিয়ে জেলে-বাওয়ালিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান জোরদার করার দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন বনজীবীরা। এসময় উপকূলের কয়েকশ বনজীবী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।