ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে চলমান শ্রমিক আন্দোলন আজও অব্যাহত রয়েছে। শ্রমিকরা সোমবার সকাল থেকে কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকায় বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
শ্রমিকদের এই অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ প্লাটুন বিজিবি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও মাঠে কাজ করছেন।
এদিকে, শ্রমিক অসন্তোষের কারণে সোমবার সকাল ৮টা থেকে বিভিন্ন কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কতটি কারখানা ছুটি ঘোষণা করেছে, সে সংখ্যা নিশ্চিত করতে পারেনি শিল্প পুলিশ।
আন্দোলনরত শ্রমিকরা জানান, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে তাদের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। তারা বলেন, "গ্যাসের সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকায় কিনতে হয় এবং বাসা ভাড়া ৫ হাজার টাকা দিতে হয়।"
শ্রমিকেরা দাবি করেছেন, মজুরি বোর্ড গঠন করলেই হবে না, তাদের বেতন কত করা হয়েছে তা জানাতে হবে এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন। তারা শান্তিপূর্ণ আন্দোলন করেছেন, কিন্তু অভিযোগ করেছেন যে বহিরাগতরা তাদের মধ্যে ঢুকে পরিস্থিতি খারাপ করেছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, গতকাল গাজীপুরে শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল এবং আজও বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ চলছে।