ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভার আশুলিয়ার পোশাককর্মীরা আবারও বিক্ষোভ শুরু করেছেন। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শ্রমিকদের আন্দোলনের ফলে ওই এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজে যোগ দেন।
তবে নরসিংহপুর এলাকার তিনটি কারখানার শ্রমিকেরা ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন। সকাল সাড়ে ১১টার দিকে নিট এশিয়া সহ কয়েকটি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা টঙ্গী-আশুলিয়া-ডিইপিজেড সড়কে অবস্থান নিয়ে যান এবং যান চলাচল বন্ধ করে দেন।
বিক্ষোভকারীরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে স্লোগান দিতে থাকেন। আন্দোলনরত শ্রমিকেরা আশপাশের অন্যান্য কারখানার সামনেও বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি বিবেচনায় হামীম গ্রুপ, শারমীন গ্রুপ এবং নিউএজ সহ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।