বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

আশুলিয়ায় পোশাককর্মীর মৃত্যু, এমডি-পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের

আশুলিয়ায় পোশাককর্মী জামাল উদ্দিনের মৃত্যুর ঘটনায় এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের।

আশুলিয়ায় পোশাককর্মীর মৃত্যু, এমডি-পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের

সাভারের আশুলিয়ায় শারমিন গ্রুপের পোশাক কারখানার ৮ তলার ছাদ থেকে লাফিয়ে সিনিয়র মার্চেন্ডাইজার মো. জামাল উদ্দিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন ও পরিচালক শারাফ হোসেনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাতে জামালের বড় ভাই ইস্কান্দার আলী খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিহত জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে শারমিন গ্রুপে সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। গত বুধবার সকালে কর্মস্থলে যোগ দেওয়ার পর ঘণ্টাখানেকের মধ্যে পরিবার জানতে পারে, জামাল কারখানা ভবনের ৮ তলার ছাদ থেকে নিচে পড়ে গেছেন।

জামালকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, জামাল উদ্দিন কর্মক্ষেত্রে যে বিভাগে কর্মরত ছিলেন সেখানে বেশ কিছুদিন ধরে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছিল, যা নিয়ে তিনি ভীত-সন্ত্রস্ত ছিলেন।

জামাল তার স্ত্রী সাবেকুন নাহারকে ফোনে এসব বিষয়ে জানিয়েছিলেন। অভিযুক্তদের অসদাচরণ ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি ৮ তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হন।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন