রাজধানীর ডেমরার বামৈল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া চালকের নাম তুলা মিয়া (৪৫), তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শহর আলীর ছেলে। তুলা মিয়া পরিবারের সদস্যদের নিয়ে বামৈল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
পুলিশ জানায়, বিদ্যুতায়িত হওয়ার পর তুলা মিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুলা মিয়ার ছেলে রুবেল জানান, “আমার বাবা পেশায় একজন অটোরিকশাচালক। দুপুরে বামৈল এলাকার একটি গ্যারেজে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বাবা বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়েন।”
তিনি আরও বলেন, “খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়, কিন্তু বাবাকে আর বাঁচানো সম্ভব হয়নি।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।