কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন মাদকাসক্ত হয়ে পড়লে তাকে বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল।
প্রায় দুই বছর সেখানে থাকার পর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। তবে বাড়িতে ফেরার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন। গত রাতে পুনর্বাসন কেন্দ্রের লোকজন শোভনকে নিতে তাদের বাড়িতে আসেন। বিষয়টি টের পেয়ে শোভন ঘরের ভেতরে ছুরি দিয়ে তার মাকে আঘাত করতে শুরু করেন।
এতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু হয়। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে সরদার আলীকেও ছুরিকাঘাত করেন শোভন। পরে তিনি পালিয়ে যান।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত সরদার আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ছুরিকাঘাতের পর অভিযুক্ত ছেলে পালিয়ে যায়।
পুলিশ সারাশি অভিযান চালিয়ে ঘটনার ৫ ঘণ্টা পর তাকে আরাজি পলাশবাড়ী থেকে গ্রেফতার করে। নিহত পারুল বেগমের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।