নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের কনস্টেবল আনোয়ার হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন এএসআই আবদুস সাত্তার। রবিবার রাত ১০টার দিকে হাশেমবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
আনোয়ার হোসেন শীতলক্ষ্যা ফাঁড়ির গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতের বেলায় এএসআই আবদুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন সাদা পোশাকে তথ্য সংগ্রহের জন্য সদর থানা পেরিয়ে ফতুল্লা থানার সীমান্তে প্রবেশ করেন।
এসময় দুর্বৃত্তরা তাদেরকে ধাওয়া করলে আত্মরক্ষার্থে এএসআই আবদুস সাত্তার দৌড়ে চলে যান। দুর্বৃত্তরা আনোয়ারকে ধরে তাঁর শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাত করে, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য একাধিক টিম অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।