রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী মাদরাসা এলাকায় এক যুবক দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর। পুলিশ জানিয়েছে, তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী জানান, যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
তিনি বলেন, "যুবকের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে।"
এসআই হাসান আলী আরও জানান, নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে প্রযুক্তির মাধ্যমে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।