রাজধানীর রামপুরায় চাঁদা না পাওয়ার কারণে ইন্টারনেট সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা সাতটার দিকে ওয়াবদা রোডে তাকওয়া মসজিদ সংলগ্ন স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজির অফিসে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, চার দুর্বৃত্তের মধ্যে তিনজন অফিসে প্রবেশ করে কর্মচারীদের উদ্দেশে হুমকি দিয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। হামলার পর তারা দ্রুত পালিয়ে যায়। এ সময় বাইরে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, দুই সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় হামলাটি পরিকল্পিতভাবে চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান হাবিবুর রহমান ও সাজু আহমেদ। তাদের একজনের ডান পায়ে এবং অন্যজনের বাম হাতে গুলি লেগেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলাকারীদের শনাক্ত ও আটক করার জন্য পুলিশ কাজ করছে।