গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী এসআই মোসলেম উদ্দিনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী জানান, বিকেলে টুঙ্গিপাড়ার চৌরঙ্গী এলাকায় এসআই মোসলেম উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার চিকিৎসা চলছে। ১০ নভেম্বর ছাত্র ধর্মঘটের সময় বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন দেয়, যার পরিপ্রেক্ষিতে এসআই মোসলেম উদ্দিন মামলার বাদী হন।
মামলায় ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। এদিকে, সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার পাতগাতীর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।