বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে যুবক মারুফ নিহত

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক মারুফ নিহত হয়েছেন।

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে যুবক মারুফ নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু নামে এক যুবক নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মারুফকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মারুফ ধলপুর এলাকায় তার পরিবারসহ বসবাস করতেন। তিনি আব্দুর রশিদের ছেলে এবং তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন।

মারুফের স্ত্রী মিম জানান, প্রতিদিনের মতো কাজ শেষে সন্ধ্যায় বাসায় ফেরার সময় তিনি বাসার পাশের মাঠে অবস্থান করছিলেন। তখন দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এবং স্বজনেরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

মিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তিনি কারও সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব বা ঝামেলায় জড়াতেন না। কারা, কী উদ্দেশ্যে তাকে এভাবে গুলি করে হত্যা করল, আমরা কিছুই বুঝতে পারছি না।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন