মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পানছড়িতে তিন যুবক নিহত: মামলা হয়নি, পরিচয় নিশ্চিত করেছে পুলিশ

পানছড়িতে তিন যুবকের নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি, পুলিশ একজনের পরিচয় নিশ্চিত করেছে।

পানছড়িতে তিন যুবক নিহত: মামলা হয়নি, পরিচয় নিশ্চিত করেছে পুলিশ

খাগড়াছড়ির পানছড়িতে তিন যুবকের নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহতদের মধ্যে রিয়েল চাকমা নামে একজনের পরিচয় নিশ্চিত করেছে পানছড়ি থানা পুলিশ। বাকী দুইজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে তাদের লাশের ময়নাতদন্ত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা হয়নি।

গতকাল সোমবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধুমঙ্গল পাড়ায় গোলাগুলিতে নিহত হন তিন যুবক। নিহতরা পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস (মূল) দলের সদস্য ছিলেন বলে জানা যায়।

এ ঘটনায় ইউপিডিএফ-জেএসএস পাল্টাপাল্টি অভিযোগ করলেও জেএসএসের অভ্যন্তরীণ কোন্দলে ওই তিন যুবক নিহত হয়েছেন বলে এক প্রেস বিবৃতিতে জানিয়েছে ইউপিডিএফ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তিন যুবক সন্তু লারমা সমর্থিত জেএসএস থেকে দলছুট হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। ঘটনার দিন সকালে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজার থেকে টমটমে করে ফেরার পথে মধুমঙ্গল পাড়ায় পৌঁছালে একটি সিএনজি গ্যারেজের সামনে তাদের ওপর হামলা চালানো হয়।

ওই তিন যুবককে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা গুলি করে। এতে তারা ঘটনাস্থলেই নিহত হন।

বিজ্ঞাপন