চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযুক্ত যুবক রাফিকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
আটক রাফি একই গ্রামের জাফর আলী বেপারী বাড়ির ইউসুফ বেপারীর ছেলে। এলাকাবাসী ও ভুক্তভোগী শিশুর পরিবার অভিযোগ করেছেন, রাফি শিশুটিকে একা পেয়ে প্রলোভন দিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে।
মতলব দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাফিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অপরদিকে, শিশুটিকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, এলাকাবাসী জানান, রাফির বিরুদ্ধে এ ধরনের আরও অভিযোগ রয়েছে। তারা তাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, "ধর্ষণচেষ্টার অভিযোগে রাফিকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে।"