মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফরিদপুরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে তরুণীকে ধর্ষণের ঘটনায় ৮ যুবককে আমৃত্যু কারাদণ্ড ও জরিমানা করেছে আদালত।

ফরিদপুরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরের সদর উপজেলার ধলার মোড় এলাকায় এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ ও সেই ভিডিও মোবাইল ফোনে ধারণ করার অভিযোগে ৮ যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। আদালতে আসামিরা উপস্থিত ছিলেন এবং পরে তাদের পুলিশ প্রহরায় কারাগারে নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নিশান শেখ, শাহিন শেখ (২১), জয় শেখ (২৪), রহিম মোল্লা (২৩), মনির (২৭), হৃদয় (২০), ইলিয়াস (২৭) এবং মোস্তাক (২৬)। এদের সবার বাড়ি সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নে।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৯ সালে ভুক্তভোগী তরুণী এক বন্ধুর সঙ্গে দেখা করতে ধলার মোড়ে আসেন। বন্ধু আসার আগেই তিনি নদী পার হয়ে পদ্মার চরের কাশবনে ঘুরতে থাকেন। এ সময় ওই ৮ যুবক তরুণীকে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

ঘটনার পর পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে শাহিন শেখকে গ্রেফতার করা হয়, যিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। পরে তার তথ্যের ভিত্তিতে ৮ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন তৎকালীন উপপরিদর্শক ফরহাদ হোসেন।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে সমাজে ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধ কমে আসবে বলে মনে করছেন।

বিজ্ঞাপন