ফরিদপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আট যুবকের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বিচারক শামীমা পারভীন আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন: শাহীন শেখ, জয় শেখ, রহিম মোল্লা, মনির শেখ, হৃদয় খা, ইলিয়াস শিকদার, মোস্তাক শেখ ও রিয়াজ শিকদার। তারা ফরিদপুরের ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় পালডাঙ্গী এলাকার বাসিন্দা।
২০২০ সালের ৫ আগস্ট, কিশোরীটি শহরতলীর ধলার মোড় এলাকায় নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলেন, তখন ওই আট যুবক তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন এবং ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
এই ঘটনার পর পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করে। আদালত ও মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর অনুপস্থিতিতেই ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গোলাম রব্বানী ভূঁইয়া জানান, দীর্ঘদিন ধরে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে।