ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে হাফিজার শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হাফিজার শেখ মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের বাসিন্দা।
মামলার নথি সূত্রে জানা যায়, হাফিজারের ছেলে ইসরান শেখের সঙ্গে ভুক্তভোগী নারীর পারিবারিকভাবে বিয়ে হয় প্রায় তিন বছর আগে। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই হাফিজার তার পুত্রবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন।
ভুক্তভোগী নারী স্বামীকে বিষয়টি জানালেও তিনি গুরুত্ব দেননি। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে একাধিকবার সালিশও অনুষ্ঠিত হয়। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৫ আগস্ট সকালে স্বামী বাড়িতে না থাকার সুযোগে হাফিজার কৌশলে ওই নারীকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
মান-সম্মানের ভয়ে ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে বিষয়টি কাউকে না জানিয়ে বাবার বাড়িতে চলে যান। পরে পরিবারের সঙ্গে আলোচনা করে মধুখালী থানায় অভিযোগ করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় হাফিজার শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া।