রাজধানীর মোহাম্মদপুরে দুটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ৩ লাখ ১৬ হাজার ৪০০ শলাকা অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। বুধবার শুল্ক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং ঢাকার দুটি প্রিভেন্টিভ টিম এই অভিযান পরিচালনা করে।
জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা, এবং সরকারের রাজস্ব হিসেবে মূসক, সম্পূরক শুল্ক ও সারচার্জ বাবদ প্রায় ৩০ লাখ টাকা প্রাপ্তি হবে। গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলীর পিসি কালচার হাউজিং এবং মোহাম্মদপুরের জয়েন্ট কোয়ার্টার এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের সময় একটি গুদাম থেকে প্যাট্রন ন্যানো ২ লাখ ২ হাজার ২০০, মন্ড স্ট্রবেরি ১০ হাজার, মন্ড সিলভার ১৬ হাজার ৬০০ এবং ওরিস ন্যানো ২৬ হাজার ৪০০ শলাকা উদ্ধার করা হয়। অপর গুদাম থেকে অরবিট, মন্ড, প্যাট্রন ও ওরিস ব্র্যান্ডের ৬১ হাজার ২০০ শলাকা সিগারেট পাওয়া যায়।
স্থানীয় সূত্র জানায়, যদিও দুটি গুদামের ঠিকানা আলাদা, প্রকৃত মালিক একই ব্যক্তি। তিনি ডিলারশিপ ব্যবসার কথা বলে গুদাম দুটি ভাড়া নিয়েছিলেন। অভিযানকালে গোয়েন্দা দল স্থানীয় লোকজন ও ভবনের দারোয়ানের সঙ্গে কথা বলে এই তথ্য জানায়।
বহু সময় ধরে গুদাম দুটি বন্ধ থাকায় সেখানকার কার্যক্রম সম্পর্কে ভবন মালিকদের তেমন ধারণা ছিল না বলে তারা জানান।