শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বনশ্রীতে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, তদন্ত শুরু

বনশ্রী এলাকায় বাসের ধাক্কায় নিহত হলেন শিক্ষিকা তাসফিয়া আহমেদ তিশা।

বনশ্রীতে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, তদন্ত শুরু

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের এক শিক্ষিকা। গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তাসফিয়া আহমেদ তিশা চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ার মো. শফিউদ্দিন আহমেদের মেয়ে। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়ার নয়াপাড়ায় বসবাস করতেন এবং আফতাবনগরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় তাসফিয়া তিশা পাঠাও মোটরসাইকেলে করে বনশ্রী ফরাজী হাসপাতালের সামনের রাস্তা দিয়ে এক সহকর্মীর বাসায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রমজান পরিবহনের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

ধাক্কায় তাসফিয়া তিশা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে সারা পরিবহনের অপর একটি বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তার মাথা থেঁতলে গুরুতর আহত হন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত দুর্ঘটনার খবর জানিয়ে পুলিশকে অবহিত করেন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ দুর্ঘটনার পর দুই বাস আটক করেছে এবং একটি বাসের চালক ও অপর বাসের হেলপারকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন