বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন আনসার সদস্য আহত হয়েছেন।
পুলিশ জানায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে রোগীর ট্রলি নেওয়াকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।
মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক তরুণ চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। জরুরি বিভাগের সামনে ট্রলি সংগ্রহ নিয়ে ওই তরুণের বন্ধুদের সঙ্গে আনসার সদস্যদের বাকবিতণ্ডা শুরু হয়।
তর্কের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে যুবকেরা আনসার সদস্যদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর শুরু করেন। এতে চারজন আনসার সদস্য আহত হন।
আহত আনসার সদস্যদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার যুবককে আটক করেছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।