বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঝিনাইদহে প্রবাসীর বাড়িতে চুরি, দুই যুবক আটক

ঝিনাইদহে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহে প্রবাসীর বাড়িতে চুরি, দুই যুবক আটক

ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে আড়াই ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে অভিযান চালিয়ে রাহুল হোসেন (৩০) ও মেহেদী হাসান (২৫) নামের দুই যুবককে আটক করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর ভোররাতে দিঘারপাড়া গ্রামের প্রবাসী পারভেজ কামালের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা জানালার রড কেটে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে প্রায় সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার ৮০০ টাকা নিয়ে যায়।

চুরি যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে পরিবারটি জানিয়েছে। ঘটনার পর পারভেজ কামালের স্ত্রী সীমা খাতুন কালীগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

পুলিশ জানায়, মামলার পর চুরির রহস্য উদঘাটন ও মালামাল উদ্ধারে তদন্ত শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, চুরির সঙ্গে জড়িতরা খাজুরা বাজারে স্বর্ণ বিক্রির জন্য অবস্থান করছে।

কালীগঞ্জ থানার এসআই রানা প্রতাপের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে রাহুল ও মেহেদীকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে আড়াই ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

ভুক্তভোগী সীমা খাতুন জানান, ঘটনার রাতে চোরেরা ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করেছিল বলে তাদের ধারণা। এতে পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে স্বর্ণ উদ্ধার হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং বাকি স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন