বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফরিদপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে স্বামী হত্যার ঘটনায় স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা।

ফরিদপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে স্বামী হাসান শেখকে হত্যার অভিযোগে তার স্ত্রী ফরিদা বেগমসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দীন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ফরিদা বেগম (৩৮), শাহজাহান মাতুব্বর (৪৪), ফারুক বিশ্বাস (৪৩) ও চান্দু শেখ (৩০)। প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় শাহজাহান মাতুব্বর, ফারুক বিশ্বাস ও চান্দু শেখ আদালতে উপস্থিত ছিলেন। তাদের কড়া পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। তবে প্রধান আসামি ফরিদা বেগম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ফরিদা বেগমের স্বামী হাসান শেখের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। বিয়ের পর ফরিদা স্থানীয় একটি মিলে শ্রমিকের কাজ শুরু করেন এবং সেখানে একাধিক ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। হাসান বিষয়টি জানতে পেরে ফরিদাকে বাধা দেন।

এ নিয়ে পারিবারিক কলহ চরমে পৌঁছায়। ২০১৮ সালের ৯ মে রাতে শাহজাহান মাতুব্বর ফোনে ডেকে হাসানকে হত্যা করেন। চার দিন পর ১৩ মে ঝাউখোলা গ্রামের একটি আখক্ষেত থেকে হাসানের মরদেহ উদ্ধার করা হয়।

হাসানের বাবা ইমান উদ্দিন শেখ বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর পুলিশ চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

ফরিদপুর বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আজিজুর রহমান বিকু জানান, হাসানকে হত্যার জন্য ফরিদা এবং তার সহযোগীরা পরিকল্পনা করে কাজ করেছেন। রাষ্ট্রপক্ষ আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন