সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত, আহত অনিক হাসপাতালে চিকিৎসাধীন।

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা লেগে সাংবাদিক কাজী আশরাফ (৪৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার সাথে থাকা মাহমুদুল হাসান অনিক গুরুতর আহত হন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে ছিলেন এবং তিনি এশিয়ান টেলিভিশনের লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের জামাই সনি চৌধুরী জানান, সকালে কাজী আশরাফ ও অনিক ব্যক্তিগত কাজে লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশে মোটরসাইকেল যোগে রওনা হন। মনসুরাবাদ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায় এবং খুলনাগামী দোলা পরিবহনের একটি বাসের সাথে ধাক্কা লাগে।

এতে কাজী আশরাফ ও অনিক গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাজী আশরাফের অবস্থার অবনতি ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুপুর ১টার দিকে তিনি মারা যান।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। একজনের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় এবং সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন