শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মায়ের মৃত্যুর খবরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত রেশমা বেগম

মায়ের মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন রেশমা বেগম।

মায়ের মৃত্যুর খবরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত রেশমা বেগম

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় রেশমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রেশমা বেগম সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুর সাত্তার গাজীর স্ত্রী।

রোববার ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মালেকা চক্ষু হাসপাতালের সীমানা প্রাচীরে সজোরে আঘাত করে।

দুর্ঘটনার ফলে গাড়ির তিন যাত্রী আহত হন। খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেশমা বেগমকে মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, নিহত রেশমা বেগম তার মায়ের মৃত্যুর খবর পেয়ে গাজীপুর থেকে নিজ বাড়ি সাতক্ষীরায় যাচ্ছিলেন। তার সঙ্গে স্বামী ও ৫ বছর বয়সী একটি মেয়ে ছিলেন, যারা আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। নিশ্চিত দুর্ঘটনার প্রমাণ থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন