বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উজিরপুরের ধামসর এলাকার মোস্তাকিম, তাওহিদ ও সৌরভ, সকলের বয়স ১৭ বছর। তারা স্থানীয় শিকারপুর শের ই বাংলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় পাস করেছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মোটরসাইকেলে চার যুবক আটিপাড়া এলাকা থেকে ধামসর যাচ্ছিলেন। পথে এক যুবককে তার বাড়িতে নামিয়ে দিয়ে তিনজন পুনরায় ধামসরের উদ্দেশ্যে রওনা হন। এসময় তারা সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন।
এসময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাওয়া সুরভী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগামী বাসটি মোটরসাইকেল আরোহীদের পিষে প্রায় অর্ধ কিলোমিটার সামনে এগিয়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন, একজনের শরীর থেকে মাথা ছিড়ে পড়ে যায়।
স্থানীয় জনতা বাসটিকে আটক করলেও চালক ও সুপারভাইজার পালিয়ে যায়। উজিরপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, হাইওয়ে পুলিশ লাশগুলো হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশ নেওয়ার পর সেখানে নিহতের সহপাঠিরা বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য কমপ্লেক্সের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।