পাবনার ফরিদপুর উপজেলায় একটি অভিযান চালিয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে। সোমবার দুপুরে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ এ তথ্য জানান।
রোববার রাতে উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামের একটি বটগাছের নিচে লুকিয়ে রাখা বস্তা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ওসি জানান, স্থানীয় এলাকায় সশস্ত্র চরমপন্থী গোষ্ঠীর তৎপরতার তথ্য পাওয়ার পর পুলিশ এ অভিযান চালায়।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপরতা বাড়িয়েছে। হাদল ইউনিয়নের প্রত্যন্ত ও বিল-অধ্যুষিত এলাকায় কয়েকটি সশস্ত্র গ্রুপ অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে নানা অপরাধে জড়িত।
পুলিশের তদন্তে জানা যায়, একটি সশস্ত্র গ্রুপ অস্ত্র ও গোলাবারুদ মজুত করছে। স্থানীয় লোকজনের সহায়তায় রোববার রাতে ব্যাপক তল্লাশি চালানো হয় এবং রাত সাড়ে ১১টার দিকে বটগাছের নিচে লুকিয়ে রাখা বস্তা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এছাড়া, হাদল এলাকায় এর আগে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটেছিল এবং হত্যা ও গুমের ঘটনা সম্পর্কেও অভিযোগ রয়েছে। এসব ঘটনায় ফরিদপুর থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি বাট, একটি ছুরি এবং তিনটি ধারালো দা।
প্রেস ব্রিফিংয়ে এসআই আরিফুল ইসলাম, আশরাফুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।