ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মো. রেজাউল করিম (৪৫) সিএমএম আদালতের মালখানা শাখায় কর্মরত ছিলেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কুমার চ্যাটার্জি আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন।
আবেদনে বলা হয়, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে রেজাউল করিম কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিলেন, যা যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।
প্রাথমিক তদন্তে আসামির সঙ্গে এই মামলার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে তিনি ইয়াবার মূল সরবরাহকারী ও গন্তব্য সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রদান করেননি।
ডিএমপির প্রসিকিউশন বিভাগ জানায়, রেজাউল করিমকে (৪৫) রাজধানীর সূত্রাপুর থানা এলাকা থেকে রোববার রাত সাড়ে ৯টার দিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় সোমবার ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ অভিযানকারী দল গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুর থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের বিসমিল্লাহ বিরানি ঘরে অভিযান চালায়।
এ সময় পালানোর চেষ্টা করলে রেজাউল করিমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৭৯ গ্রাম ওজনের ১ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ লাখ ৩৭ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা এবং একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়েছে।