কাশিমপুর কারাগারে নেয়ার পথে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি রাজা ওরফে 'পিচ্চি রাজা'কে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তার খোঁজে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এ ঘটনায় পুলিশের ৫ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়াও, ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরার পথে কোনাবাড়ি এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রিজনভ্যান থেকে পালিয়ে যায় মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি রাজা।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নাওজোড় হাইওয়ে থানার কাছাকাছি এক জায়গায় টয়লেটে যাওয়ার কথা বলে আসামিকে ভ্যান থেকে নামানো হয়। পরে সেখান থেকে ওই আসামি পালিয়ে যায় বলে জানায় পুলিশ সদস্যরা।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়েছিল।