গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ২৩ বছর বয়সী যুবক জয়কে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই জয় মারা যান।
নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, জয় কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসী টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে, তাৎক্ষণিকভাবে পুলিশ কাউকেই আটক করতে পারেনি।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নূর আলম হোসেন জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।