গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে ২৩ বছর বয়সী যুবক জয়কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, জয় রাতের বেলায় বাসায় ফিরছিলেন, এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনার পর পুলিশ কাউকেই আটক করতে পারেনি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নূর আলম হোসেন জানিয়েছেন, ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।